জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাগুরা কেশব মোড় এলাকায় গেলে বিষয়টি চোখে পড়ে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা।
গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাড়িটির বাইরের দেওয়ালে রঙের কাজ চলছে। শ্রমিকরা ভবনের বিভিন্ন অংশে কাজ করছেন। তবে সংস্কারকাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ভবনের সংস্কারকাজের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই।
তাদের ভাষ্য, রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশও মেরামত করা হতে পারে।
এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
পুলিশের প্রাথমিক ধারণা ছিল, লোহার গেটের ওপর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছিল পুলিশ।
এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন- এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
এ অবস্থায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
তবে মাগুরার বাড়িতে বর্তমানে চলা সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ইউ/














Discussion about this post