পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানি বিমান বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর আন্ত : বিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর)।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “১২ অক্টোবর ২০২৬ তারিখে দুপুরের দিকে কোয়েটার নাওয়ান কিলির কাছে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি মুশশাক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।”
নিহত পাইলটদের পরিচয়ও জানানো হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। তারা হলেন প্রশিক্ষক পাইলট মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণরত পাইলট ক্যাপ্টেন আব্দুল সামাদ।
উল্লেখ্য, মুশশাক হলো পাকিস্তানের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি কোম্পানি (পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স) এ বিমান তৈরি করে।
সোমবারের দুর্ঘটনায় নিহত পাইলটদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আইএসপিআরের তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার এবং একই মাসে মারদানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল।
সূত্র: জিও টিভি
এস আই/













Discussion about this post