ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে মধ্যরাতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় শুক্রবার (৫ জুন) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মানেসরের আইএমটি এলাকার বানস আলিয়ার গ্রামে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ৩৭ বছর বয়সী নরেন্দ্র সিং তার স্ত্রী ৩৬ বছর বয়সী কাজল দেবী এবং চার সন্তানকে নিয়ে ওই গ্রামে বসবাস করতেন। স্বামী-স্ত্রী দুজনই কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে। ঘটনার সময় তাদের চার সন্তান বাড়ির ছাদে ঘুমিয়ে ছিল।
তদন্ত কর্মকর্তারা জানান, কাজল দেবী প্রতিদিন রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরতেন, আর তার স্বামী মধ্যরাতে বাড়ি আসতেন। বুধবার রাতে বাড়ি ফিরে নরেন্দ্র সিং তার স্ত্রীকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখেন।
এ সময় ক্ষুব্ধ হয়ে স্ত্রী কার সঙ্গে কথা বলছিলেন তা জানতে চান নরেন্দ্র সিং এবং তার মোবাইল ফোন দেখতে চান। কিন্তু কাজল দেবী ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পুলিশ জানায়, স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলছেন বলে সন্দেহ করতেন নরেন্দ্র সিং। একপর্যায়ে ক্ষোভ ও সন্দেহের বশবর্তী হয়ে তিনি ওড়না দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।
নিহতের বোনের অভিযোগের ভিত্তিতে মানেসর আইএমটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গুরগাঁও পুলিশের এক মুখপাত্র বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়নাটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।’
সূত্র: এনডিটিভি
এস আই/














Discussion about this post