ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি জামিন পান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২৩ বছর বয়সী নাসরিনা বিল্লালের অভিযোগ, বেল্লান্দুর এলাকার বেট্টাদাসাপুরায় অবস্থিত সাই ক্লিনিকের চিকিৎসক ডা. নাগেন্দ্র তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে তাকে ও তার স্বামী মোহাম্মদ বিল্লালকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মোহাম্মদ বিল্লাল পেশায় একজন গাড়িচালক।
অভিযোগের পর বেল্লান্দুর পুলিশ ডা. নাগেন্দ্রকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোয়াইটফিল্ড ও আশপাশের এলাকায় অবৈধ অভিবাসী থাকার অভিযোগ তুলে ডা. নাগেন্দ্র দাবি করেন, আবেগের বশে তিনি এমন আচরণ করেছেন। ভুক্তভোগী দম্পতির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার পর উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে গড়ায়।
তদন্ত কর্মকর্তারা জানান, কারও নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোই সঠিক পদ্ধতি। নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এক তদন্ত কর্মকর্তা বলেন, ভুক্তভোগীরা বাংলাদেশ থেকে এসেছেন—এ তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
হোয়াইটফিল্ড বেঙ্গালুরুর অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্র। আর বেল্লান্দুর শহরের দ্রুত বিকাশমান আবাসিক ও আইটি অঞ্চলগুলোর একটি, যেখানে বেট্টাদাসাপুরা এলাকায় সাই ক্লিনিকটি অবস্থিত।
এস আই/














Discussion about this post