সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঢলের পানিতে বসতঘর নদীতে তলিয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম রুবেল মিয়া (৩০)। তিনি বড়দল গ্রামের বশিরুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া একজন ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে বসতঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছিল পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এ সময় শিকলে বাঁধা অবস্থায় ভারসাম্যহীন ওই যুবক তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি।
নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।
এস আই/














Discussion about this post