নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৫০) নামে এক মোয়াজ্জিনকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর) ভোর নলডাঙ্গা থানাধীন ৪ নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে আজান শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। পুলিশ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ইউ/














Discussion about this post