নরসিংদীর আদালতের কাঠগড়া থেকে অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন এক আসামি পালিয়ে গেছে। সোমবার পৌনে একটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে বিদ্যুৎবিভ্রাট (লোডশেডিং) চলছিল।
পালিয়ে যাওয়া রিয়াজুল ইসলাম হৃদয় জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছিল রায়পুরা থানা-পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
আদালতে থাকা আইনজীবী ও পুলিশ সূত্র জানায়, নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়ায় অন্য আসামিদের সঙ্গে সোমবার রিয়াজুল ইসলাম হৃদয়কেও রাখা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে এ সময় বিদ্যুৎবিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পলাতক আসামি হৃদয়কে দ্রুত গ্রেপ্তারে সংশ্লিষ্ট থানাসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে।
এস এইচ/














Discussion about this post