ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যার ঘটনায় দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যা করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন।” এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনও স্থায়ী সমাধান আনতে পারে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই যেকোনও বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
উল্লেখ্য, এর আগে গতকাল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ একটি বিবৃতি দিলেও সেখানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে আজকের বিবৃতিতে সরাসরি খামেনি হত্যার নিন্দা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হলো। যদিও আজকের বিবৃতিতে সরাসরি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, তবে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
এম এইচ/














Discussion about this post