ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২১০ জন। সব মিলিয়ে হতাহত হয়েছেন ৩৭৮ জন। ইয়েমেনের সরকারপন্থি বাহিনী এ দাবি করেছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে তাইজ সামরিক কমান্ড জানিয়েছে, হুতিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে নয়টি হামলা চালানো হয়েছে।
আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে এসব হামলা চালানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, বিমান হামলা ও স্থল সংঘর্ষে ১৬৮ হুতি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের এ ঘোষণার আগে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, সা’দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্রঃ আল জাজিরা
এ ইউ/














Discussion about this post