ইরানের একটি পারমাণবিক কেন্দ্র থেকে আরও ১৭৫ রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইতোমধ্যেই মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন বলে মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।
আর্মেনিয়ায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, বুশেহর কেন্দ্রের কর্মীরা নুরদুজ-আগারাক সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেন এবং সোমবার একটি বিশেষ ফ্লাইটে মস্কোর উদ্দেশে রওনা হন।
দূতাবাস জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আর্মেনিয়ার মাধ্যমে দেশে ফিরেছেন মোট ৫০৯ জন রুশ নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মস্কো আর্মেনিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রবিবার রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভ বলেন, বুশেহরে কর্মরত বেশিরভাগ রুশ নাগরিককে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে আরও একটি ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত মাসে, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার কারণে রাশিয়া কারখানাটি থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করে। এই উত্তেজনা শুরু হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি।
এদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর যৌথ হামলা শুরু করে। এতে সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
তেহরান এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে অগ্নিগর্ভে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও সীমিত করেছে তেহরান। এতে বৈশ্বিক জ্বালানির বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এস আই/














Discussion about this post