হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করা হয়েছে।
গতকাল রবিবার প্রকাশিত ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ট্রাম্প হাতে কয়েকটি উনো কার্ড ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টটিতে আলাদা কোনো ক্যাপশন না থাকলেও ছবির মধ্যেই স্পষ্টভাবে লেখা—‘সবগুলো কার্ড আমার কাছে’।
এ ছবির বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।
এদিকে, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে, তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে।
ট্রাম্প পোস্টে আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে ‘খুব ইতিবাচক আলোচনা’ করছেন। এই আলোচনা সবার জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে।
ট্রাম্প বলেন, ‘মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যারা কোনো অপরাধ করেনি। তারা পরিস্থিতির শিকার।’
ট্রাম্পের মতে, জাহাজগুলোকে প্রণালি থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি ‘মানবিক পদক্ষেপ’। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ। কারণ, অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এম এইচ/














Discussion about this post