জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রবিউল ইসলাম নয়ন মাঠপর্যায়ের একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে। এর মধ্যে নতুন দায়িত্ব হাতে তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সবার কাছে দোয়া চেয়ে নয়ন তার ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আমি আপনাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাব, ইনশাআল্লাহ।
রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন তার অনুসারীরা। বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচনায় ছিলেন। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, স্লোগান এবং সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন।
দলের চেয়ারম্যানের আস্থাভাজন নেতাদের একজন হিসেবে রবিউল ইসলাম নয়নের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
নতুন দায়িত্ব পেয়ে রবিউল ইসলাম নয়নের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এম এইচ/














Discussion about this post