চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।
এই ঘটনায় তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ‘রিমন দীর্ঘদিন মাদক আসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। শনিবার সকালে তারা মা-বাবা-ছেলে বাইরে গিয়ে ১২টার দিকে বাড়ি ফিরে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি জাতীয় জিনিস দিয়ে তার মাকে আঘাত করছিল। মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবাকেও আঘাত করে। এসময় আমরা দৌড়ে আশেপাশের মানুষ ডাকতে যায়। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।’
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহগুলোকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস আই/














Discussion about this post