ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু’দিন আগে রাজধানীর ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দাহ্য পদার্থ ব্যবহার করে এই নাশকতা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
দলীয় সূত্র জানায়, ভোর ৪টার পর ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের ১৩ ও ৩ নম্বর রোড এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি বুথে আগুন দেয়া হয়। ঘটনার সময় আশপাশে তেমন লোকজন না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ২৬ মিনিটের দিকে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বুথের সামনে আসে। কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের পর সে বুথের ভেতরে প্রবেশ করে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই ব্যক্তি। তার মুখ ও শারীরিক বৈশিষ্ট্য আড়াল করতেই চাদর ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে নির্বাচনি বুথটির ব্যানার, পোস্টার ও কিছু কাঠামোগত অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুনের গন্ধ ও ধোঁয়া টের পেয়ে ছুটে এসে বিষয়টি দেখতে পান এবং পরে তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং এটিকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পরিকল্পিত অপচেষ্টা বলে মন্তব্য করেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চাই। জনগণ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিংবা সহিংসতার মাধ্যমে পরিবেশ নষ্ট করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তার উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার রয়েছে। এর মধ্যেই এই অগ্নিসংযোগের ঘটনা নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্রঃ চ্যানেল ২৪
এম এইচ/














Discussion about this post