গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামে এক ব্যক্তি।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হলেও ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে।
তিনি দাবি করেন, সজীব শেখের ছাত্রলীগে কোনো সাংগঠনিক পদ-পদবি নেই, তবে তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানতে পেরে তাকে বারবার ওই রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি।
এ কারণে পারিবারিকভাবে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আব্দুল ওহাব শেখ। তিনি বলেন, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাদের পরিবারের নয়। তার সকল কার্যকলাপের দায়ভার সে নিজেই বহন করবে।
তবে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এম এইচ/














Discussion about this post