কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাইনিজ কুড়াল হাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ঘটনাটি নিয়ে সংগঠনের অভ্যন্তরেও তৈরি হয়েছে অস্বস্তি। বিষয়টি যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্তের জন্য জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দিকে তাকিয়ে রয়েছেন অষ্টগ্রাম উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় একটি জলমহাল দখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকীরকে হাতে চাইনিজ কুড়াল নিয়ে ঘটনাস্থলে মারমুখী অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন দায়িত্বশীল ছাত্রদল নেতার হাতে এমন অস্ত্র থাকার দৃশ্য সংগঠনের রাজনৈতিক ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।
ভিডিওর সত্যতা নিয়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, বিষয়টির সত্যতা যাচাই করা হয়েছে এবং ভিডিওতে সৈয়দ তাওকীরের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সৈয়দ তাওকীর দাবি করেছেন, সংঘর্ষ থামানোর উদ্দেশ্যেই অন্য একজনের হাত থেকে তিনি কুড়ালটি নিয়েছিলেন এবং কারো ওপর হামলা চালানোর উদ্দেশে তা নেওয়া হয়নি।
এছাড়া সৈয়দ তাওকীরকে ঘিরে স্থানীয় পর্যায়ে অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করাসহ বিভিন্ন অভিযোগ উঠলেও তার কোনো আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি। এসব অভিযোগ অস্বীকার করে তাওকীর জানান, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক বিষয়টির সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, বিষয়টি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ জানান, অষ্টগ্রামে জলমহাল কেন্দ্রিক সংঘর্ষের বিষয়ে তিনি অবগত আছেন। তবে সৈয়দ তাওকীরের হাতে অস্ত্র থাকা বা সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তিনি আরও বলেন, ছাত্রদল কখনো সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।













Discussion about this post