জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল।
মতবিনিময়কালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এ রুটে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে প্রেরণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, ইতোমধ্যেই এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটিকে আরও সহজতর করার প্রচেষ্টা চলমান রয়েছে।
আলোচনায় আরও উঠে আসে জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাবনা এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়। এছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা পরিচালনা সহজ করার নানা দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দূতাবাসের সার্বিক উদ্যোগের প্রশংসা করেন।
এম এইচ/














Discussion about this post