ভালোবেসে গোপনে আকলিমাকে বিয়ে করেন একই বাড়ির মো. হাসনাত। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন। কিন্তু এ সময় কোনো কাবিননামা হয়নি তাদের। এ বিয়ে নিয়ে শুরু হয় উভয় পরিবারে দ্বন্দ্ব।
ইতোমধ্যে তাদের ঘরে জন্ম নেয় এক সন্তান। উভয় পরিবারের বিরোধ শেষ পর্যন্ত আদালতে মামলায় গড়ায়। আদালতের নির্দেশে স্বামী মো. হাসনাতকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন তিনি।
এদিকে উভয় পরিবারের মাঝে দ্বন্দ্বের মীমাংসা হয়। এর ফলে আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে এবং কাবিননামা সম্পন্ন হয়।
চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) এবং একই বাড়ির মো. মাসুদের মেয়ে বাকপ্রতিবন্ধী আকলিমা (২২)। উভয় পরিবারের দ্বন্দ্বের এক পর্যায়ে আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালতে মামলা করেন। ২৬ জুন আদালত মাসুদকে কারাগারে প্রেরণ করেন। সেই থেকে তিনি কারাগারে আছেন।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারকের আদেশে রোববার দুপুরে চাঁদপুর জেলা কারাগারে উভয়ের বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়। বিয়ে ও কাবিননামায় স্বাক্ষরকালে বর এবং কনেকে বেশ উৎফুল্ল দেখা যায় বলে উপস্থিত স্বজনরা জানান।
এদিন জেলা ম্যাজিস্ট্রেটের একজন প্রতিনিধি সহকারী কমিশনার ও জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধির উপস্থিতে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বর ও কনের বাবা, নিকটাত্মীয়সহ স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজি উপস্থিত ছিলেন।
এদিন উপস্থিত বর এবং কনেপক্ষের স্বজনদের কারা কর্তৃপক্ষের সৌজন্যে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান ওই কারাগারের জেলার মো. জুবাইর।
এ বিয়ের পর বর মো. হাসনাতের দ্রুত জামিন ও মামলাটি নিষ্পত্তিতে এগিয়ে যাবে বলে মনে করেন উভয় পরিবারের স্বজনরা।
সূত্রঃ যুগান্তর
এম এইচ/














Discussion about this post