টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা হাফিজিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, রোববার (৩০ আগস্ট) এক শিশুকে বলাৎকারের অভিযোগে রিয়াজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে আরেক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যেই নতুন করে একই ধরনের অভিযোগ ওঠায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: আরটিভি
এস আই/













Discussion about this post