ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (৩১ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে।
তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিল না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। যাদের আটক করেছে তাদেরকেও ছেড়ে দেয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে দুই লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এস আই/














Discussion about this post