চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার বাড়িয়ারহাটের ধুনঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। তাদের মধ্যে নাফিজ আহমেদ অয়ন নৌবাহিনীর সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রা করা সেন্টমার্টিন ট্রাভেলস এর একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসযাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশা থাকায় চালক সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বুঝতে পারেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এইচ/














Discussion about this post