সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের ফলে রাজধানীর নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে নগরজীবন ও স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এর আগে গত সপ্তাহে টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী, ব্যাহত হয় সড়ক যোগাযোগ এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে। নতুন করে ভারী বর্ষণের পূর্বাভাসের পর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ইউ/














Discussion about this post