বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের স্মরণে আসন্ন ১৫ আগস্টকে ‘শোক দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’-এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না।
তিনি রবিবার (১০ আগস্ট) রাতে ফেসবুক লাইভে এই আহ্বান জানান।
জেড আই খান পান্না বলেন, “প্রিয় দেশবাসী, আগামী ১৫ আগস্ট জাতির শোকের দিন। যেহেতু দিনটি শুক্রবার, তাই অন্তত কালো জামা না হলেও কালো ব্যাজ ধারণ করবেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের যে ১৬ জন শহীদ হয়েছেন এবং বাইরে থেকে দুইজন— কর্নেল জামিল ও বরিশালের রিন্টু— তাদের জন্যও দোয়া করবেন আল্লাহর কাছে।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭ বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কীভাবে রাজনৈতিক লড়াই করেছেন— সেটাও এক মহান সংগ্রাম, যা মুক্তিযুদ্ধের আগেই সংঘটিত হয়েছিল। তাই প্রতিকূল পরিস্থিতিতেও সবাই অন্তত মসজিদে, মন্দিরে বা নিজ ঘরে বসেই এই শহীদদের জন্য দোয়া করুন। বিশেষভাবে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের ও তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি ‘বাবু’, এবং অন্যান্য শহীদদের জন্য প্রার্থনা করুন।”
তিনি আরও বলেন, “শোক জানাতে ৩২ নম্বরের বাড়ি বা কবরস্থানে যেতেই হবে— এমন নয়। অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা কেউ কেড়ে নিতে পারবে না। যারা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান মনে করেন, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করেন, তারা যেন শুধু ওইদিনই নয়, সবসময় তাদের জন্য দোয়া করেন। নামাজ পড়ার সময় এক লাইন বাড়িয়ে নিলেই হবে। মঞ্চ ৭১-এর পক্ষ থেকে আমি, জেড আই খান পান্না, এই আবেদন জানাচ্ছি।”
এম এইচ/














Discussion about this post