মাঠের পারফরম্যান্সে দুঃসময় যেন কাটছেই না বাংলাদেশের। একের পর এক পরাজয়ের পাশাপাশি চোটে ছিটকে গেছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
এরই মধ্যে নতুন করে দুঃসংবাদ এলো—জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশের বিপক্ষে এই শাস্তি আরোপ করেন। নির্ধারিত সময়ের তুলনায় বাংলাদেশ দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতিটি ওভার কম সম্পন্ন করলে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সে হিসেবে দুই ওভার পিছিয়ে থাকায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হবে বাংলাদেশ দলকে।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হলে খেলোয়াড়দের ম্যাচ ফির ওপর এই জরিমানা আরোপ করা হয়।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি আরও জানিয়েছে, অন-ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজওয়া অভিযোগটি দায়ের করেন।
এস আই/














Discussion about this post