গণভোট ও ‘জুলাই সনদ’ ইস্যুতে জাতীয় সংসদে বিরোধী দলকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি জানতে চান, ৫ আগস্টের পর কেন অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করা হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে তাদের দলের মৌলিক কোনো আপত্তি নেই, বরং আপত্তি রয়েছে পুরো প্রক্রিয়া নিয়ে। শুরু থেকেই বিএনপিকে ‘জুলাইয়ের বিরুদ্ধে’ নেওয়ার একটি প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পার্থ বলেন, ট্রেজারি বেঞ্চে বসা অনেকেই আন্দোলন-সংগ্রামের অংশ ছিলেন এবং কারাবরণ করেছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের অবদান সবার হলেও, জুলাইয়ের কৃতিত্ব এককভাবে দাবি করা ঠিক নয়।
বিরোধী দলের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা তখন বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? নতুন সংবিধান প্রণয়ন করতে পারতেন। পুরোনো সংবিধানের মধ্যে থেকে সেটিকে বাতিলের চেষ্টা যৌক্তিক নয়।’
সংবিধান সংস্কার পরিষদ গঠনের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ করেন পার্থ। তিনি বলেন, ‘সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় যে এটি একাত্তরে পরাজয়ের দলিল’
গণভোটের কাঠামো নিয়েও সমালোচনা করে তিনি বলেন, একাধিক বিষয় একসঙ্গে ভোটে দেওয়ায় ভোটারদের স্বাধীন মত প্রকাশের সুযোগ সীমিত হয়েছে। কোনো একটি বিষয়ে দ্বিমত থাকলে ভোটার কীভাবে মত দেবেন—সে প্রশ্নও তোলেন তিনি।
বক্তব্যের শেষে তিনি বলেন, সংবিধানের প্রতি শ্রদ্ধা বজায় রাখার পাশাপাশি জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হবে।
এস আই/












Discussion about this post