কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার সামাজিক মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়।
খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্বপালন করেন। কাতারকে আধুনিক রাষ্ট্রের পরিণত করার অন্যতম স্থপতি তিনি, জানিয়েছে আল আরাবিয়া নিউজ।
তার সময়ে জ্বালানি সমৃদ্ধ কাতারের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। দেশটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রপ্তানীকারক হয়ে দাঁড়ায়।
তিনি আমির থাকাকালে ১৯৯৬ সালে বিশ্বজুড়ে পরিচিত নিউজ চ্যানেল আল জাজিরার কার্যক্রম শুরু হয়। আল জাজিরা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম।
তার সময়েই কাতারের প্রথম স্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। দেশটিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনও তার সময়েই শুরু হয়। এই নির্বাচনে নারীদের ভোট দেওয়ার ও তাদের প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়।
২০১৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানিকে পরবর্তী আমির হিসেবে নিয়োগ দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।
কাতার অন্যতম ছোট আরব রাষ্ট্র। এর জনসংখ্যা মাত্র ৩০ লাখের মতো। ১৯৭১ সালের আগ পর্যন্ত কাতার ৫৫ বছর ধরে ব্রিটেনের একটি আশ্রিত রাজ্য ছিল।
খলিফা আল থানির মৃত্যুতে কাতার সোমবার থেকে চার দিনের শোক ঘোষণা করেছে। এ সময় দেশটির সরকারি, বেসরকারি সব সংস্থায় কাজ বন্ধ থাকবে আর জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকটি দেশের নেতা শোক জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এ ইউ/














Discussion about this post