যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য পেমেন্ট প্রতিষ্ঠান ক্লার্নার (Klarna) মাধ্যমে ডিভাইস লিজিং বা ভাড়া নেওয়ার নতুন সেবা ‘অ্যাপল আপগ্রেড’ (Apple Upgrade) চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এর মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট মাসিক কিস্তিতে আইফোন, ম্যাক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহার করতে পারবেন। এই নতুন প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিদ্যমান ‘আইফোন আপগ্রেড প্রোগ্রাম’ এবং ‘আইফোন পেমেন্টস’ ব্যবস্থার স্থলাভিষিক্ত হচ্ছে।
অ্যাপল জানিয়েছে, গ্রাহকরা আইফোন এবং অ্যাপল ওয়াচ ১২ বা ২৪ মাসের জন্য এবং ম্যাক ও আইপ্যাড ২৪ বা ৩৬ মাসের জন্য লিজ নিতে পারবেন। এতে সর্বনিম্ন মাসিক কিস্তি নির্ধারণ করা হয়েছে আইফোনের জন্য ১৭.৯৯ ডলার, অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের জন্য ১১.৯৯ ডলার এবং ম্যাকের জন্য ২৪.৯৯ ডলার।
এই সুবিধার আবেদনের জন্য ক্লার্না গ্রাহকদের একটি ‘সফট ক্রেডিট চেক’ করবে, যা তাদের মূল ক্রেডিট স্কোরে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া পুরাতন ডিভাইস বিনিময় (ট্রেড-ইন) করে মাসিক কিস্তি কমানোর সুযোগ রয়েছে এবং অ্যাপল কার্ড দিয়ে মূল্য পরিশোধ করলে গ্রাহকরা ৩ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
লিজের মেয়াদ শেষ হলে গ্রাহকদের সামনে তিনটি পথ খোলা থাকবে- ডিভাইসটি ফেরত দেওয়া, এককালীন অর্থ পরিশোধ করে তা কিনে নেওয়া অথবা নতুন মডেলে আপগ্রেড করা। বিদ্যমান আইফোন আপগ্রেড প্রোগ্রামের সদস্যরাও যোগ্যতাহেতু এই নতুন স্কিমে স্থানান্তরিত হতে পারবেন। অ্যাপলের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং যুক্তরাষ্ট্রের রিটেইল স্টোরগুলো থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে।
সূত্র: রয়টার্স
এস আই/














Discussion about this post