মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন সেনা ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণকারী গবেষণা প্রকল্প ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’ এবং সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এফটি জানায়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন কর্মীদের ট্র্যাক করতে এই সাইবার হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় মার্কিন আইনপ্রণেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, মোবাইল রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপন প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগিয়ে ইরান মার্কিন সামরিক বাহিনীকে বড় ধরনের আক্রমণের ঝুঁকিতে ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা সন্দেহ করছেন যে ইরান বা তার মিত্ররা মার্কিন কর্মীদের অবস্থান শনাক্ত করতে স্থানীয় ফোন অপারেটরদের রোমিং চুক্তির অপব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এফটি-কে জানান, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ফোন ট্র্যাক করার জন্য ইরানপন্থী চক্রগুলো বাণিজ্যিকভাবে সহজলভ্য বিজ্ঞাপন ডেটাবেস ব্যবহার করেছে।
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সিটিজেন ল্যাব’-এর সিনিয়র রিসার্চ ফেলো গ্যারি মিলার এই ডেটা পর্যালোচনা করে বলেন, ইরানের রিয়েল-টাইম ও তাৎক্ষণিকভাবে নিরবচ্ছিন্ন অবস্থান তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে।
তিনি আরও যোগ করেন, মার্কিন ব্যবহারকারীদের ওপর নজর রাখতে ইরান যদি এই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বা এসএস৭ প্রোটোকল ব্যবহার করে থাকে, তবে তিনি মোটেই অবাক হবেন না।
সূত্র: আল-জাজিরা
এস আই/














Discussion about this post