টানা দুই দশক ধরে মার্কিন সেনাদের দখলে ছিল আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিমান ঘাঁটি আবারও দখলের নেয়ার কথা জানিয়েছেন। তবে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে রাজি নয় তালেবান সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স পোস্টে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বাস্তব ও যুক্তিসংগত’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্রকে বারবার জানানো হয়েছে, আফগানিস্তানের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।’
জাবিহুল্লাহ আরও বলেন, দোহা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
২০২১ সালের আগস্টে বাগরামের দখল নেওয়ার পর তালেবানরা গত বছর এর তৃতীয় বার্ষিকী উদ্যাপন করেছিল। সেখানে তারা কিছু পরিত্যক্ত মার্কিন সামরিক সরঞ্জামের বিশাল প্রদর্শনী করে, যা হোয়াইট হাউসের নজর কেড়েছিল।
সর্বশেষ এ বিষয়ে নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে খুব খারাপ কিছু ঘটবে।’
সূত্রঃ আল জাজিরা
এস এইচ/














Discussion about this post