কুমিল্লার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদিস, দেশের হাজারো আলেমের উস্তাদ আল্লামা ফজলুল করীমের জানাযা ও দাফন লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় জানাজার পর চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন আশরাফপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দেশবরেণ্য এ আলেমের জানাজায় ইমামতি করেন তার বড় সাহেবজাদা দেশবরেণ্য মুফাসসিরে কুরআন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নছর আশরাফী।
বরেণ্য এই শাইখুল হাদিসের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল থেকেই জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানাজার ময়দান ছাপিয়ে ভীড় উপচে পড়ে আশেপাশের এলাকায়। স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দেশের প্রখ্যাত পীর মাশায়েখ, শিক্ষাবিদ, আলেম, মাদরাসার সাবেক শিক্ষার্থী, হুজুরের ভক্ত ও গুণগ্রাহী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, শাইখুল হাদিস আল্লামা ফজলুল করীম রহ. ছিলেন আদর্শ মানুষ গড়ার সুনিপুণ কারিগর। তিনি শিরক-বিদয়াতের ব্যাপারে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। এ ব্যাপারে তিনি কোনো রকম আপোস করেননি। তাকওয়াকে জীবনের শ্রেষ্ঠ অবলম্বন বানিয়েছেন। আজীবন দ্বীনের ওপর অটল থেকে মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখার উন্নতির জন্য অবিরাম পরিশ্রম করেছেন।
জানাজার পূর্বে শাইখুল হাদিস হুজুরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি মনোনীত চাঁদপুর১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুস, দেবিদ্বার ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন সরকার এবং ঢাকার মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় নিজ বাড়িতে কুমিল্লার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা ফজলুল করীম ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি প্রায় ২৮ বছর ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্রঃ চ্যানেল ২৪
এম এইচ/














Discussion about this post