চীনের শেনঝেনে শরীর চুলকানোর ব্যতিক্রমী সেবা দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও। তার চালু করা ‘সুমা’ নামের প্রতিষ্ঠানের বর্তমানে দুটি শাখা রয়েছে।
এই সেবায় বিশেষভাবে তৈরি লম্বা নখ ব্যবহার করে গ্রাহকের শরীর আলতোভাবে চুলকে দেন কর্মীরা। গ্রাহকেরা ম্যাসাজের মতো বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকেন। নির্দিষ্ট কোনো স্থানে চুলকানি থাকলে সেখানেও সেবা দেওয়া হয়। প্রতি ঘণ্টার জন্য নেওয়া হয় ৩০০ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ টাকা।
ঝাংয়ের দাবি, ব্যস্ত নগরজীবনের মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমে এই সেবা সহায়ক। কয়েকজন গ্রাহক তাকে জানিয়েছেন, তাদের কাছে এটি ম্যাসাজের চেয়েও বেশি আরামদায়ক।
ব্যবসাটির ধারণা ঝাং পান সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও থেকে। সেখানে এক নারী তার স্বামীর পিঠ চুলকে দিচ্ছিলেন। ভিডিওটির মন্তব্যে অনেকে এমন সেবার জন্য অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। শৈশবে বাবার কাছ থেকে পিঠ চুলকানোর স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে।
চলতি বছরের মে মাসে প্রথম এবং জুনে দ্বিতীয় শাখা চালু করেন ঝাং। দুটি প্রতিষ্ঠানই এখন লাভ করছে বলে তার দাবি। গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ।
বিশ্ববিদ্যালয়ের পর এক বছরে সাতটি চাকরি বদলানো ঝাং এর আগে দুটি ই-কমার্স প্রতিষ্ঠান ও একটি কনটেন্ট ব্যবসা শুরু করেও সফল হননি। এবার তার লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা খোলা এবং শরীর চুলকানোর এই সেবাকে স্বীকৃত পেশায় পরিণত করা।
এস আই/














Discussion about this post