জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে দেশে ফেরানো হবে, তা নিয়ে আবারও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় শেখ হাসিনার পাসপোর্টের প্রসঙ্গে উঠলে বিষয়টিকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা পলাতক সন্ত্রাসী। তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংকে বিদায় জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ীই শেখ হাসিনার হস্তান্তর চায় বাংলাদেশ। তার দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
এদিকে, বাংলাদেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে নানা আলোচনা চলছে। তাকে দেশে ফেরত পাঠাতে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি।
এস আই/














Discussion about this post