ভারতের উত্তর প্রদেশে সমুচা নিয়ে না আসায় স্বামীকে মারধর করেছেন স্ত্রী। তুচ্ছ এই ঘটনায় পারিবারিক বিরোধ নাটকীয়ভাবে গ্রাম্য সংঘর্ষে রূপ নিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সংঘর্ষের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ আগস্ট উত্তর প্রদেশের সেহরাপুরের বাসিন্দা শিবম তার স্ত্রী সঙ্গীতার জন্য সমুচা আনতে ব্যর্থ হন। সামান্যতেই শুরু হওয়া তর্ক-বিতর্ক দ্রুত তীব্র আকার ধারণ করে।
এর পরের দিন সঙ্গীতা তার বাবা-মা এবং তার মামাকে স্বামীর বাড়ি ডেকে পাঠায়। ৩১ আগস্ট প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মার উপস্থিতিতে একটি সালিশ ডাকা হয়। কিন্তু সালিশটি সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে স্ত্রী ও তার আত্মীয়রা শিবমকে মারধর করেন।
পুলিশের মতে, শিবমের মা বিজয় কুমারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। কর্তৃপক্ষ ভারতীয় আইনের ‘ন্যায় সংহিতা’র প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করে, যার মধ্যে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভুক্তভোগী স্বামী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হচ্ছে।














Discussion about this post