বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের মানুষের আস্থা অর্জনে বিনয়ী ও জনকল্যাণমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতায় থাকলে কোনো ধরনের দম্ভ দেখানো যাবে না বা কারও কাছ থেকে জোর করে কিছু নেওয়া যাবে না।
রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যার সমাধানে কাজ করতে হবে। তার মতে, দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না, তাই সবাইকে নম্র ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ধর্ম মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। তবে ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং সব নাগরিকের সমান অধিকার রয়েছে।
তিনি জানান, বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মী মামলা, হয়রানি ও কারাভোগের শিকার হয়েছেন। এখন দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে।
ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, স্থানীয় হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেন্টার চালুর চেষ্টা করা হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের আগে মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের পাশে থেকে ভালো কাজ করলে জনগণই তাদের মূল্যায়ন করবে।
ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল তাদের নিজস্ব আদর্শ নিয়ে রাজনীতি করতে পারে, তবে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান ও সহযোগিতার আহ্বান জানান।
এস আই/














Discussion about this post