সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আটটি এলাকায় সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে এসব এলাকাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পৃথক বিবৃতিতে জেদ্দা, ইয়ানবু, তাইফ, আল-উলা, খামিস মুশায়ত, ফারাসান, রিয়াদ ও আল-খারজে সতর্কতা জারির কথা জানায়।
সতর্কতার সময় এসব এলাকার বাসিন্দা ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে এবং কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দেওয়া হয়।
তবে কী ধরনের সম্ভাব্য হুমকির কারণে এসব সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
পরবর্তী সময়ে পৃথক ঘোষণায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদ কেটে যাওয়ার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত প্রতিবেদনে রিয়াদ ও আল-খারজকে বিপদমুক্ত ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে জেদ্দা, তাইফ, ইয়ানবু, আল-উলা ও খামিস মুশায়তেও সতর্কতা প্রত্যাহার করে বিপদমুক্ত ঘোষণা করা হয়। এসব ঘোষণাতেও সতর্কতা জারির কারণ বা সম্ভাব্য হুমকির ধরন স্পষ্ট করা হয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জরুরি সতর্কতা একাধিকবার জারি হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তাইফে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এস আই/













Discussion about this post