ফিফা বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
শুক্রবার (১২ জুন) বিকালে পলাশ বাজার থেকে শুরু হওয়া এই র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে শিশু, কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার ফুটবলপ্রেমী অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের অধিকাংশের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। অনেকের হাতে ছিল আকাশী-সাদা পতাকা। ঢাক-ঢোল, বাঁশি ও বাদ্যের তালে তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল এবং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে।
র্যালি চলাকালে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণদের খেলাধুলামুখী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার সামাজিক বার্তাও তুলে ধরা হয়েছে এ আয়োজনের মাধ্যমে।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকরা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্য গড়ে তোলে। বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা যেন সুস্থ বিনোদন ও আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা।
সমর্থকদের অনেকেই আশা প্রকাশ করেন, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে। মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আরেকটি বিশ্বকাপ জয় দেখার স্বপ্নও ব্যক্ত করেন তারা।
বিশ্বকাপের আমেজে নরসিংদীর এই বিশাল পতাকা র্যালি ফুটবলপ্রেমীদের আবেগ, উচ্ছ্বাস ও প্রিয় দলের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
এ ইউ/














Discussion about this post