চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে এক নারী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন– ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে (৫) উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, নিহত নারীর স্বামীর সঙ্গে এক আত্মীয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। তবে আমরা প্রতিটি তথ্য খতিয়ে দেখছি।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ‘প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে আমাদের আর্থিক লেনদেন ছিল। এ-সংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের মোবাইল ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ইউ/














Discussion about this post