সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিলের কারণ খুঁজছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
প্রবাসীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনাদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে এরই মধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি।
এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কি না, সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
আমরা আপনাদের আরো আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন।
দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদের জানাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এসব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সব ধরনের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।
এস আই/














Discussion about this post