‘সুলিভান ব্রাদার্স’ নামটি বাংলাদেশ ফুটবলে খুব একটা অপরিচিত নয়। লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা দলের সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান ও ডেকলান সুলিভান। এবার তাদের বড় ভাই কুইন সুলিভানকে ঘিরেই আলোচনায় ইন্টার মায়ামি ও লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কুইনের সঙ্গে উত্তপ্ত ঘটনায় জড়িয়ে শেষ পর্যন্ত জরিমানাও গুনতে হলো মেসিকে।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ২–২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে প্রতিপক্ষের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন আর্জেন্টাইন তারকা। সেই ঘটনার জন্য মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার অঙ্ক প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।
মেসির পাশাপাশি একই ম্যাচের আরেক ঘটনায় তার সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান কুইন। এ সময় ফ্রের সঙ্গে তাঁর জটলা বাধে। একপর্যায়ে ফ্রে কুইনের ঘাড় ধরে ফেললে উঠে দাঁড়িয়ে তাকে ট্যাকল করেন সুলিভান। এ ঘটনায় ফ্রেকেও শাস্তি দিয়েছে এমএলএস।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। তবে কাভানের শাস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
মেসির জন্য অবশ্য শাস্তি সীমাবদ্ধ থাকছে জরিমানাতেই। কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাকে। ফলে পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে বাধা নেই এই আর্জেন্টাইন মহাতারকার।
ঘটনাবহুল ম্যাচটিতে অবশ্য ব্যক্তিগতভাবে মেসির জন্য ছিল আবেগেরও। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোলের দেখা পান তিনি। গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করান মায়ামির অধিনায়ক।
এ ইউ/














Discussion about this post