কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। রবিবার (৩০ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সভা ও আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় এ নির্দেশনা দেন তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, ‘কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
সভায় ইউএনও মনিরা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল ও শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
এস আই/














Discussion about this post