বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়া সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে এবার রাউন্ড অব ষোলোতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শুক্রবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই বড় অঘটনের ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ।
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ম্যাচের স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দের কোচ জানিয়েছেন, তার দল ভয় নয়, সাহস নিয়েই মাঠে নামবে। বিশ্বকাপের অন্যতম বড় চমক দেখিয়ে পরের ধাপে জায়গা করে নেওয়াই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় আছে, যা আমাদের অনেক সাহায্য করবে। আমরা সাহসের সঙ্গে খেলবো। আমরা নির্ভীক হবো এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করবো। আমরা চাই, খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একইসঙ্গে যেন মনোযোগী থাকে এবং পরের ধাপে যাওয়ার জন্য সবকিছু উজাড় করে দেয়।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের ওপর, আমাদের শক্তি, আমাদের খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। আমরা জানি, এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী ও উচ্চাভিলাষী এবং আমরা জয়ের জন্যই খেলবো।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকা সত্ত্বেও তিনটি ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে একাদশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেপ ভার্দের কোচ জানিয়েছেন, তাদের পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়।
তার ভাষায়, ‘দল হিসেবে আমাদের নিজস্ব কৌশল রয়েছে, যা কেবল মেসির বিরুদ্ধে নয়, পুরো দলের বিরুদ্ধে। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলটির বিপক্ষেই খেলবো। আমরা জানি, মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমাদের লড়াই পুরো দলের সঙ্গে।’
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বে জায়গা করে নেয়। এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখা যাচ্ছে উল্লেখ করে কেপ ভার্দে কোচ বলেন, তথাকথিত ছোট দলগুলোও বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করতে পারে।
তিনি বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনা বড় চ্যালেঞ্জ। তবে আমরাও চাই তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলতে। আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি এবং আগের তিন ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছি। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু আমাদেরও একটি স্বপ্ন আছে।’
এস আই/














Discussion about this post