গত সপ্তাহে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় চারজন মার্কিন সেনাসদস্য এবং তিনজন বেসামরিক ঠিকাদার আহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলার জবাবে ওই হামলা চালানো হয় বলে জানায় ইরান।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, আহত সাতজনই আঘাত গুরুতর নয়। ২৪ ঘণ্টার মধ্যেই তারা পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরে যান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানের বান্দার আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাশাপাশি জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তারা।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী কোনো সমঝোতা অর্জিত হয়নি।
পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে একই সঙ্গে তিনি কৌশলগত এই নৌপথ ব্যবহার করে ইরানি বন্দরগামী বা ইরানি বন্দর থেকে আসা জাহাজগুলোর ওপর অবরোধ বজায় রাখেন।
সূত্র: আনাদোলু
এম এইচ/














Discussion about this post