ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজার অনুষ্ঠান কেবল ধর্মীয় বা আবেগের কোনো আচার ছিল না, বরং তা পরিণত হয়েছিল আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগের এক বহুমাত্রিক ও কৌশলগত ঘটনায়। আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যম, পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্বনেতাদের গভীর পর্যবেক্ষণের মধ্যে অনুষ্ঠিত এই জানাজা কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই বিশ্বের কাছে ইরানের শক্তি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নীতির একগুচ্ছ শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে, এই অনুষ্ঠানের মাধ্যমে ইরান কার্যত এক ধারণাগত যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, যেখানে ১০টি মূল কৌশলগত বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
১. রাজনৈতিক কাঠামোর অবিচল স্থিতিশীলতা: পশ্চিমা কিছু গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের ধারণা ছিল যে নেতার অবর্তমানে ইরানে ক্ষমতার শূন্যতা ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে। তবে দেশের সর্বোচ্চ কর্মকর্তাদের সুশৃঙ্খল উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের স্বাভাবিক ধারাবাহিকতা প্রমাণ করেছে, ইসলামী প্রজাতন্ত্রের শাসন কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা অত্যন্ত সুদৃঢ়।
২. সামাজিক পুঁজি ও অভূতপূর্ব গণসংহতি: নিষেধাজ্ঞা, যুদ্ধ ও বাহ্যিক চাপের মুখেও এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম সরকারের সামাজিক সংহতি সাধনের ক্ষমতাকে প্রদর্শন করেছে। আন্তর্জাতিক ব্যবস্থায় এটি ইরানের জাতীয় শক্তির অন্যতম উপাদান হিসেবে প্রমাণিত হয়েছে, যা সমালোচক গণমাধ্যমগুলোও স্বীকার করতে বাধ্য হয়েছে।
৩. অভ্যন্তরীণ পতন ও বিচ্ছিন্নতার হিসাব নতিভুক্ত: সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানি সমাজকে রাজনৈতিক কাঠামো থেকে বিচ্ছিন্ন করার যে পশ্চিমা কৌশল ছিল, তা এই জানাজায় ব্যর্থ প্রমাণিত হয়েছে। সংকটকালীন মুহূর্তে ইরানি সমাজের এই ‘পতাকার চারপাশে সমবেত হওয়া’ (Rally ’round the flag) প্রমাণ করে যে বাহ্যিক চাপ উল্টো ভেতরের সংহতিকে আরও বাড়িয়েছে।
৪. আঞ্চলিক আধিপত্যের ধারাবাহিকতা: বিশ্বের কোনো প্রধান গণমাধ্যমই এই ঘটনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখেনি। জানাজার খবরের পাশাপাশি হরমুজ প্রণালী, প্রতিরোধ অক্ষ, জ্বালানি নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ার সমীকরণের মতো ভূ-রাজনৈতিক বিষয়গুলো যেভাবে আলোচনায় এসেছে, তা নিশ্চিত করে যে ইরান এই অঞ্চলের অন্যতম প্রধান নির্ণায়ক শক্তি।
৫. আঞ্চলিক মিত্রদের অক্ষুণ্ন নেটওয়ার্ক: বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদল, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতি বিশ্বকে বার্তা দিয়েছে যে, নেতৃত্বের পরিবর্তনেও ইরানের আঞ্চলিক ও কৌশলগত মৈত্রী দুর্বল হয়নি। এই উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা ছিল না, বরং ছিল এক গভীর রাজনৈতিক সংহতির প্রতীক।
৬. ‘সফট পাওয়ার’ ও শক্তিশালী প্রতীক নির্মাণ: লাখ লাখ শোকাতুর মানুষ, উত্তোলিত পতাকা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার দৃশ্য বিশ্ব গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইরান প্ররোচনা ও ভাবমূর্তি নির্মাণের এক অনন্য ‘সফট পাওয়ার’ প্রদর্শন করেছে। এই রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীকের প্রভাব যেকোনো আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও শক্তিশালী।
৭. বিশ্ব দরবারে ইরানের বয়ান পুনর্গঠন: সাধারণত ইরানকে সবসময় সংকট, নিষেধাজ্ঞা ও উত্তেজনার আবহে চেনা বিশ্ববাসী এবার দেখল এক ভিন্ন চিত্র। ইতিহাসের অন্যতম সংবেদনশীল সন্ধিক্ষণে একটি দেশ কীভাবে লক্ষ লক্ষ মানুষকে সুশৃঙ্খলভাবে একত্রিত রেখে একই সাথে কয়েক ডজন বিদেশী প্রতিনিধিকে সফলভাবে আতিথেয়তা দিতে পারে, তা ইরানের নতুন প্রশাসনিক ভাবমূর্তি তুলে ধরেছে।
৮. ধর্মীয় ও জাতীয় পরিচয়ের মেলবন্ধন: জানাজায় ধর্মীয় ও বিপ্লবী প্রতীকের পাশাপাশি ইরানের জাতীয় পতাকার যুগপৎ ব্যবহার এবং সমাজের বিভিন্ন স্তর ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ এক ভিন্ন তাৎপর্য বহন করে। এটি দেখায় যে ইরানি সমাজের রাজনৈতিক পরিচয়কে কেবল ক্ষমতার সমীকরণ দিয়ে মাপা যায় না, এর মূলে রয়েছে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন।
৯. প্রতিদ্বন্দ্বীদের প্রতি প্রতিরোধমূলক সংকেত: বিদ্যমান নিরাপত্তা হুমকির মধ্যেই একাধিক স্তরের নিরাপত্তা বলয় ও সামরিক কমান্ডারদের উপস্থিতিতে এত বড় একটি অনুষ্ঠান সফল ও শান্তভাবে সম্পন্ন করা ছিল শত্রুপক্ষের প্রতি এক প্রচ্ছন্ন প্রতিরোধমূলক বার্তা। এর মাধ্যমে ইরান বুঝিয়েছে যেকোনো অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।
১০. লড়াইয়ে ধারণাগত বিজয়: বর্তমান বিশ্বে সামরিক বা অর্থনৈতিক লড়াইয়ের চেয়েও বড় হলো আখ্যান বা ধারণার লড়াই। ইরান এই অনুষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক জনমতের কাছে নিজের স্থিতিশীলতা ও ধারাবাহিকতার আখ্যানটি সফলভাবে তুলে ধরতে পেরেছে। এমনকি সমালোচনামূলক গণমাধ্যমগুলোও এই বাস্তবতার প্রতিফলন এড়াতে পারেনি, যা ইরানের জন্য একটি বড় কৌশলগত অর্জন।
সূত্র: মেহের নিউজ
এস আই/













Discussion about this post