টানা দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর জর্ডান ও আলজেরিয়ার ম্যাচ শেষে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে লিওনেল মেসিদের।
এখন আলোচনার কেন্দ্রবিন্দু-রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনা নকআউট পর্বে খেলবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।
নকআউট পর্বের ম্যাচসূচিও ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী ৪ জুলাই হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। উল্লেখযোগ্য বিষয় হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম।
গ্রুপ ‘এইচ’-এর শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। একই সময়ে কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ।
বর্তমান পয়েন্ট পরিস্থিতি বিবেচনায় আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কেপ ভার্দে। তবে শেষ রাউন্ডের ম্যাচগুলো একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় সমীকরণ দ্রুত বদলে যেতে পারে। যদি কেপ ভার্দে সৌদি আরবকে হারাতে সক্ষম হয়, তাহলে দলটি নকআউট পর্বে উঠে ইতিহাস গড়তে পারে এবং আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে।
আবার, উরুগুয়ে যদি স্পেনকে পরাজিত করে, তাহলে গ্রুপের অবস্থান পাল্টে গিয়ে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। ফলে শনিবার (২৭ মে) সকাল ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচ শুধু ওই গ্রুপের দলগুলোর জন্য নয়, আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।
এস আই/














Discussion about this post