রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে উঠাতে গিয়ে বিপাকে পড়েছেন নারী চালক। পরে সহায়তায় এগিয়ে আসেন একজন পুরুষ চালক।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহজাহানপুরে ফ্লাইওভারে ওঠার সময় দোতলা বাসটি ঢাল বেয়ে ওপরে তুলতে ব্যর্থ হন নারী চালক। পরে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় সড়কে বড় ধরনের যানজট বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সহায়তায় এগিয়ে আসেন একজন পুরুষ চালক।
তার সহায়তায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে তোলা সম্ভব হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এদিকে, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাসসেবায় উদ্বোধনের পর থেকেই যাত্রীসংখ্যা নিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মতিঝিল থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন। বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ওই দুজনই ছিলেন। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসে ওঠেন।
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী এই উদ্যোগ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।
এস আই/














Discussion about this post