ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। এসময় উভয়পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ির সঙ্গে সফু সরকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছে। গত ৩০ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে সফু সরকারের লোকজন এলাকা ছাড়া ছিল। এর জেরে আজ সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষেরে ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে ৫/৬ জন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ইউ/













Discussion about this post