সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল ও তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। জব্দকৃত জাহাজটিকে বর্তমানে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজের কেশম দ্বীপের কাছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি কোম্পানির পরিচালনাধীন জাহাজটিকে আটক করে ইরানি বাহিনী। এরপর এটির স্বাভাবিক গতিপথ ঘুরিয়ে বন্দর আব্বাসের দিকে নিয়ে নেওয়া হয়।
নৌযান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আটক হওয়া কেমিক্যাল ও তেল বহনকারী জাহাজটির নাম ‘আমারা’। প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার জাহাজটি গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিক দিয়ে প্রবেশ করে এবং সে সময় জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল ছিল। ডাটা অনুযায়ী, জাহাজটি প্রণালিতে ইরানের নির্ধারিত রুট ধরেই চলছিল এবং আরব আমিরাতের জেবেল আলি বন্দরের দিকে যাচ্ছিল।
তবে অন্য একটি আন্তর্জাতিক সূত্র ও নৌ-সংক্রান্ত সংবাদমাধ্যম ইরানওয়্যার জানায়, ক্রু ও ব্যবস্থাপনায় থাকা কোম্পানিটি আমিরাতের হলেও জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর মালিক এক ভারতীয় প্রতিষ্ঠান।
কী কারণে বা কোন অভিযোগে ‘আমারা’ নামের এই বিশাল আকারের ট্যাংকারটি আটক করা হয়েছে, সে বিষয়ে ইরানের আইআরজিসি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এ ছাড়া এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ফার্স নিউজ
এস আই/












Discussion about this post