ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক হিসাবের প্রয়োজনীয় তথ্য দিলেই অর্থ স্থানান্তর করা হবে। তবে ঋণের অর্থ কোন খাতে ব্যয় করা হবে, তা নিয়ে ইরান সরকারের বিভিন্ন সংস্থার মতবিরোধে অর্থ ছাড়ের প্রক্রিয়া আটকে আছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আনাদোলু এ তথ্য জানিয়েছে। ফার্সের প্রতিবেদনে বলা হয়, ঋণের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হলেও তেহরান এখনো রাশিয়াকে ব্যাংক হিসাবের তথ্য দেয়নি। ফলে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।
এই ১ বিলিয়ন ডলারকে ইরানের জন্য পরিকল্পিত ২০ বিলিয়ন ডলারের রুশ ঋণের প্রথম কিস্তি হিসেবে দেখা হচ্ছে। জুনে মস্কোর কাছ থেকে রুবলভিত্তিক এই ঋণ পাওয়ার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে। সে সময় ইরান রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ও মুদ্রা সহযোগিতা বাড়াতে রুবল লেনদেনের জন্য পৃথক ব্যবস্থা চালুর পরিকল্পনাও জানায়।
তবে ঋণের অর্থ ব্যবহারের খাত নিয়ে তেহরানের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে। তেল মন্ত্রণালয় চায় তেলশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে। অন্যদিকে কৃষি মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থ বরাদ্দের পক্ষে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রাশিয়া ও ইরান সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানো এবং পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে। জুনে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রুবলভিত্তিক লেনদেন জোরদার এবং রুবল-রিয়াল বিনিময়ের জন্য নতুন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
এস আই/













Discussion about this post