পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশ্বকাপজয়ী ও কারাবন্দি সাবেক এই তারক ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য দেশটির সুপ্রিম কোর্ট এই আদেশ দেন।
একইসঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতেও নির্দেশ করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার ইমরানের হাসপাতালে চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে করা একাধিক আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি শহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি নাঈম আখতার আফগান ও বিচারপতি ইশতিয়াক ইব্রাহিম। আদালতের পর্যবেক্ষণে বিচারপতি শহিদ ওয়াহিদ বলেন, ‘মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ দিচ্ছি।’
আদালত বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকার এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। এসব অধিকার বিবেচনা করেই ইমরানের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট একই সঙ্গে ইমরানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ইমরানের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বোর্ডের সঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডা. উজমা খানকেও যুক্ত থাকতে হবে।
তবে আদালত ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের তার চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমের সঙ্গে প্রকাশ বা শেয়ার না করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার স্বাস্থ্য নিয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত না করতেও বলা হয়েছে।
এ ইউ/














Discussion about this post