ভারতের আসামে চলন্ত বাসের মধ্যেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গুয়াহাটি থেকে দিব্রুগড়গামী একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় প্রসবকালীন পরিস্থিতিতে চালক, নারী যাত্রী ও বাসের স্টাফরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জানা গেছে, আদিউ জান পরিবহনের বাসটির চালক ছিলেন বাবুল বরপাত্র। ওই নারী পরিবারের আরও সাত সদস্যকে নিয়ে বাসে ভ্রমণ করছিলেন। জাগিরোড থেকে দিমুর উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই তার প্রসববেদনা শুরু হয়।
বাসচালক বাবুল বরপাত্র জানান, বাস চালানোর একপর্যায়ে যাত্রীদের চিৎকার শুনতে পান তিনি। পরে ওই নারীর প্রসববেদনার বিষয়টি জানতে পেরে দ্রুত বাস থামিয়ে দেন।
এ সময় প্রসূতির গোপনীয়তা রক্ষায় বাসের পুরুষ যাত্রীরা বাস থেকে নেমে যান। অন্যদিকে, বাসের ভেতরে কাপড় ও চাদর দিয়ে প্রসবের জন্য আড়ালের ব্যবস্থা করা হয়। পুরো সময়টিতে নারী যাত্রী ও বাসের স্টাফরা ওই নারীর পাশে থেকে সহযোগিতা করেন।
জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ডাকা হলেও সেটি পৌঁছানোর আগেই বাসের ভেতরে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরে চালক ও কয়েকজন যাত্রীর উদ্যোগে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর নবজাতক ও তার মাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তী সময়ে জানা যায়, মা ও নবজাতক দুজনই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।
সূত্র: এনডিটিভি
এস আই/














Discussion about this post